রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হয়েছে আধুনিক “ইকোফিক্স” প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। শনিবার “পথ হোল” প্রকল্পের অধীনে চালু হওয়া এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন সড়কে গর্তের সমস্যা প্রকট হয়ে ওঠে। সময়ের সঙ্গে এই গর্তগুলি বড় আকার ধারণ করে রাস্তার ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তোলে। বিশেষত বর্ষাকালে পূর্ণাঙ্গ রাস্তা সংস্কার কঠিন হওয়ায় এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত গর্ত মেরামতির উদ্যোগ নিয়েছে পূর্ত বিভাগ।
বিভাগের দাবি, “ইকোফিক্স” প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে রাস্তার গর্ত পূরণ করা সম্ভব হবে। ফলে বর্ষাকালেও দ্রুত মেরামতির কাজ চালানো যাবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ত বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ-সহ বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের একাংশের বাসিন্দারা। তাঁদের আশা, দীর্ঘদিন ধরে চলা রাস্তার গর্ত সমস্যার কিছুটা হলেও সমাধান মিলবে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে।



