বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচর শহরের ভয়াবহ ও বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের প্রায় সমস্ত অভ্যন্তরীণ সংযোগকারী রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ‘ইয়াসি’র দাবি, এই সড়কটি দক্ষিণ আসামের একটি গুরুত্বপূর্ণ প্রাণরেখা হিসেবে পরিচিত এবং বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠান ও চা-বাগানের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই রাস্তা দিয়ে কাছাড় ক্যান্সার হাসপাতাল, শিলচর মেডিক্যাল কলেজ, এনআইটি, আসাম বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন ফ্লাওয়ার মিল, শিলচর পলিটেকনিক-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরেই রাস্তার দুরবস্থা উপেক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।
সংগঠনের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরগুলির চরম উদাসীনতার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। নামমাত্র মাটির কাজ ছাড়া কার্যকর কোনও সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে সেন্ট্রাল রোড ও নাহাটা পয়েন্ট এলাকায় রাস্তা এখন কর্দমাক্ত ধানক্ষেতের চেহারা নিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
‘ভাষা শহিদদের শহর’ ও ‘সাংস্কৃতিক ঐক্যের শহর’ হিসেবে পরিচিত শিলচরের মতো ঐতিহ্যবাহী শহরের প্রতি সরকারের এই অবহেলায় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ‘ইয়াসি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান, আগামী ১ জুন থেকে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভুক্তভোগী সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করা হবে, যদি অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়। ইতিমধ্যেই বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সংগঠনটি।
স্মারকলিপির অনুলিপি জেলা শাসক, কাছাড় এবং পিডব্লিউডি রোডস, শিলচর রুরাল ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকারের কাছেও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।



