মোহাম্মদ জনি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২২ মে : অসম বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ষোড়শ অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানান কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে অধ্যক্ষের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন কৃষ্ণেন্দু পাল গামছা পরিয়ে রঞ্জিতকুমার দাসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এই উপলক্ষে কৃষ্ণেন্দু পাল বলেন, “রঞ্জিত দা শুধু একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো। তাঁর স্নেহ, পরামর্শ ও অভিজ্ঞতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।” তিনি আরও বলেন, অধ্যক্ষ হিসেবে রঞ্জিতকুমার দাসের নিরপেক্ষতা, বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্ব বিধানসভার মর্যাদা আরও বৃদ্ধি করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করবে।



