পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : সদৌ অসম ছাত্র সংস্থা (AASU)-এর উদ্যোগে গুয়াহাটির প্রাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে কাছাড় জেলার মেধাবী ছাত্রী প্রভা দেবীকে রাজ্যস্তরের সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এ বছরের অনুষ্ঠানে কাছাড় জেলার একমাত্র ছাত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান লাভ করেন তিনি।
জানা গেছে, প্রভা দেবী গুরুচরণ বিশ্ব বিদ্যালয়ের কলা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭৪ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তাঁর অসাধারণ ফলাফলের ভিত্তিতেই সদৌ অসম ছাত্র সংস্থার নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে তাঁকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়।
প্রতি বছরের মতো এ বছরও হাইস্কুল ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহ ও স্বীকৃতি জানাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সদৌ অসম ছাত্র সংস্থা। অনুষ্ঠানে অসমের বিভিন্ন জেলার নির্বাচিত কৃতী ছাত্রছাত্রীদের পাশাপাশি উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মান জানানো হয়। এছাড়াও, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় সফল হওয়া অসমের প্রতিভাবান যুবকদেরও সংবর্ধিত করা হয়।

কাছাড় জেলার একমাত্র সম্মানপ্রাপ্ত ছাত্রী হিসেবে প্রভা দেবীর এই সাফল্যে জেলার শিক্ষা মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন শুধু পরিবারের নয়, গুরুচরণ বিশ্ব বিদ্যালয় ও সমগ্র কাছাড় জেলার জন্যও গৌরবের বিষয় বলে মনে করছেন শিক্ষাবিদরা।



