বরাক তরঙ্গ, ২২ মে : নগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে উঠে এসেছে এক শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ মে সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নগাঁও সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী খুশী ঘোষ কলং নদীর সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। প্রথমে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হলেও তদন্তের অগ্রগতিতে সামনে আসে ভিন্ন তথ্য।
নগাঁও শহরের লাওখোয়া রোডের লক্ষ্মী পথ এলাকার ফল ব্যবসায়ী রাকেশ ঘোষের একমাত্র মেয়ে ছিল খুশী। পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক অলকেশ নাথ দীর্ঘদিন ধরে ছাত্রীকে মানসিকভাবে নির্যাতন করছিলেন। আত্মহত্যার দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় খুশী তার মায়ের হাতে একটি কাগজ তুলে দিয়ে বলে, “আমাকে খুঁজতে হলে এই ঠিকানায় খুঁজবেন।” সেই কাগজে শিক্ষকের নাম ও ফোন নম্বর লেখা ছিল বলে দাবি পরিবারের।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার নগাঁও সদর থানায় এজাহার দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় ৩৬৫/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্ত শিক্ষক অলকেশ নাথকে আটক করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অলকেশ নাথ প্রায় ছয় মাস আগে বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তাঁর বাড়ি কামরূপ জেলার চাংসারিতে। পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



