হাজিদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি, হিট স্ট্রোক এড়াতে বিশেষ পরামর্শ

Spread the news

মক্কা থেকে রাজীব মজুমদার।
২২ মে : পবিত্র হজ পালনের সময় মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকায় অতিরিক্ত গরম, তীব্র ভিড় এবং শারীরিক পরিশ্রমের কারণে হাজিদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হতে হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় হজ মেডিকেল মিশনের পক্ষ থেকে হাজিদের জন্য বিশেষ স্বাস্থ্যবিষয়ক পরামর্শ জারি করা হয়েছে।

প্রচারিত মেডিকেল অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হিট এক্সহসশন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে হাজিদের নিয়মিত পানি ও ওআরএস পান করতে হবে এবং তৃষ্ণা লাগার অপেক্ষা না করে শরীরকে পর্যাপ্ত হাইড্রেটেড রাখতে হবে। পাশাপাশি প্রখর রোদ এড়িয়ে চলা এবং মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। কাশি বা হাঁচির সময় মুখ-নাক ঢেকে রাখা, জনসমক্ষে থুথু না ফেলা এবং ঘন ঘন হাত ধোয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে নিরাপদ পথ ব্যবহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হাজিদের সময়মতো ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছে। ডায়াবেটিস রোগীদের প্রতিদিন পায়ের যত্ন নেওয়া এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী চলাফেরা করার কথাও উল্লেখ করা হয়েছে।

অ্যাডভাইজরিতে মাথাব্যথা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, তীব্র তৃষ্ণা, বমিভাব ও দুর্বলতাকে হিট স্ট্রোকের সতর্ক সংকেত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে শরীর ঠাণ্ডা করার পাশাপাশি পানি বা ওআরএস পান করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কোনও হাজি অচেতন হয়ে পড়লে দ্রুত ৯৯৭ নম্বরে অ্যাম্বুলেন্সে যোগাযোগ করে জরুরি চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় হজ মেডিকেল মিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *