বরাক তরঙ্গ, ২২ মে : শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি সদর সার্কেলর সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, ডিএসপি মুকুট কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে গত বছরের সভার নিয়ম নীতি পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়ম নীতি মেনে চলতে হবে বলে জানানো হয়। এতে কোরবানি কোন প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি, কোরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুদে ভালোভাবে পুতে ফেলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এতে কোরবানীর মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানানো হয়। এতে বৈধ কাগজ থাকা কোন পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। এদিনের বৈঠকে জেলা প্রশাসন থেকে এই উৎসব পালনে যাতে কোন অবাঞ্চিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসিকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। পাশাপাশি, কোন ধরনের অবাঞ্চিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে।
এতে শ্রীভূমি জেলায় ২৪ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোলরুম রয়েছে, নম্বর হচ্ছে ৮০৯৯৬৬২২৭৫ এই নম্বরেও আইন-শৃঙ্খলা জনিত যে কোন বার্তা প্রেরণ করা যেতে পারে। সভায় ঈদ উল আজহা উৎসব পালনের সময় যাতে অন্য ধর্মাবলম্বী জনগণের ভাবাবেগে কোন ধরনের আঘাত না আসে তার প্রতিও সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের কোরবানীর দৃশ্য বা উস্কানি মূলক দৃশ্য পোস্ট না করতে আহ্বান জানানো হয়। এ থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে এই বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করতে উপস্থিত সবাই ও জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এদিনের বৈঠকে ঈদ উল আজহা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয়। পাশাপাশি ঈদগাহ কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন। এদিনের সভায় প্রতিটি ঈদগা ও মসজিদ কমিটির কর্মকর্তাদের প্রশাসনিক এই বার্তাগুলি নিজ নিজ এলাকার জনগণকে জানিয়ে দিতে আহ্বান জানানো হয়। সভায় ডিএসপি মুকুট কলিতা ঈদের নামাজের পর হাইওয়ে সহ অন্যান্য ব্যাস্ত সড়কে ভীড় না করতে আহ্বান জানান। এতে দূর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহণের জন্য ভলান্টিয়ার নিয়োগ করতে অনুরোধ করেন। সভায় সড়ক নিরাপত্তায় দ্বিচক্রযানে হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালাতে এবং নির্ধারিত গতির অধিক গতিতে দ্বিচক্র যান না চালাতে আহ্বান জানানো হয়। এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে সকলকে আহ্বান করা হয়। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে নববার্তা পত্রিকার সম্পাদক ও শ্রীভূমি ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



