সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব, খামারে ও পুলিশের কনভয়ে এলোপাথাড়ি গুলিতে ২৫ জনের মৃত্যু

Spread the news

২২ মে : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে দুটি পৃথক জায়গায় ভয়াবহ সশস্ত্র হামলায় রক্তাক্ত হলো সাধারণ মানুষ ও প্রশাসন। আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে ৬ জন পুলিশ আধিকারিক এবং ১৯ জন খামার শ্রমিকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে লেস্টার অ্যামাডোর (Lester Amado) নামে এক ডেপুটি কমিশনারও রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের কনভয়টি। রাজধানী তেগুসিগালপা থেকে ওমোয়া যাওয়ার পথে তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় বন্দুকবাজরা।

পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ইউরি মোরা জানিয়েছেন, প্রথম হামলাটি ঘটে উত্তর হন্ডুরাসের ত্রুজিলো পুরসভার  রিগোরেসের একটি পাম তেলের খামারে। সেখানে উগ্রপন্থীরা নির্বিচারে গুলি চালিয়ে ১৯ জন শ্রমিককে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় একটি গির্জায় জড়ো হয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই গুয়াতেমালা সীমান্তের কাছে উত্তর হন্ডুরাসের কর্টেস ডিপার্টমেন্টে দ্বিতীয় হামলাটি চালানো হয়, যেখানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়।

হন্ডুরাসের জাতীয় পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযানে গিয়ে পাল্টা গুলিতে কোনো কোনো হামলাকারী নিহত বা আহত হয়ে থাকতে পারে বলেও পুলিশের অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *