বরাক তরঙ্গ, ২১ মে : কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার কচুগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক চোরাশিকারিকে গ্রেফতার করেছে বন বিভাগ ও পুলিশ। রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই শিকারিকে আটক করা হয়।
ধৃত ব্যক্তির পরিচয় ব্রহ্মপুত্র গ্রামের বাসিন্দা হেটো নার্জারি হিসেবে জানা গেছে। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণ শিকারের সঙ্গে জড়িত ছিল হেটো নার্জারি। পুলিশের জেরায় সে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও সূত্রের খবর।
ঘটনার পর বন বিভাগ ও পুলিশ যৌথভাবে এলাকায় নজরদারি আরও জোরদার করেছে। রাইমোনা জাতীয় উদ্যানে বন্যপ্রাণ সংরক্ষণে চোরাশিকার বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।



