২১ মে : ভয়াবহ গরমে পুড়ছে রাজস্থান। আগামী চার দিন রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শ্রীগঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ঝুনঝুনুর পিলানিতে তাপমাত্রা ছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফালোদি এবং বিকানেরে ৪৪.৮ ডিগ্রি, চুরুতে ৪৪.৫ ডিগ্রি, কোটা ও অলওয়ারে ৪৪.২ ডিগ্রি এবং চিত্তৌড়গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ দিকে, গরমে কার্যত নাজেহাল রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। লাগাতার তাপপ্রবাহের জেরে দিল্লি-এনসিআরের বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে।
কয়েক দিন ধরেই দিল্লি-এনসিআরের একাধিক এলাকায় চরম তাপপ্রবাহ চলছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আবহাওয়া দপ্তর সতর্কতার মাত্রা বাড়িয়ে হলুদ সতর্কতার বদলে কমলা সতর্কতা জারি করেছে।
এদিকে উত্তরপ্রদেশের বান্দা জেলায় বুধবার দেশের সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গরমের পাশাপাশি দিল্লির বায়ুদূষণ পরিস্থিতিও উদ্বেগজনক। বৃহস্পতিবার রাজধানীর একাধিক এলাকায় বায়ুর গুণমান ‘খারাপ’ স্তরে পৌঁছে গিয়েছে।



