ট্রেনে মহিলা হেনস্তার ঘটনায় অভিযুক্ত মৌমিতা রায় আটক, পরে শর্তসাপেক্ষে মুক্তি

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২০ মে : শিলচর-গুয়াহাটিগামী ট্রেনে এক মহিলাকে হেনস্তার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মৌমিতা রায় মৌ নামে এক মহিলা। ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার বদরপুর রেলওয়ে পুলিশ স্টেশনে ভুক্তভোগী সামসাদ বেগম চৌধুরীর নিকটাত্মীয় সালাহ উদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ মৌমিতা রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।

জানা গেছে, দীর্ঘ কয়েক ঘণ্টা জেরা করার পর বৃহস্পতিবার সকালে পুনরায় থানায় হাজিরা দেওয়ার শর্তে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পুরুষ অভিযুক্তরা এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার শিলচর সদর থানার অন্তর্গত বাদ্রিপার গ্রামের বাসিন্দা সামসাদ বেগম চৌধুরী ডিমাপুর যাওয়ার উদ্দেশ্যে শিলচর থেকে ট্রেনে ওঠেন। অভিযোগ, যাত্রাপথে মৌমিতা রায় মৌ ও তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষ মিলে সামসাদ বেগমকে ‘আলফা’ ও ‘বাংলাদেশি’ বলে কটূক্তি করতে থাকেন। শুধু তাই নয়, তাঁর ব্যাগ তল্লাশি করা হয় এবং লিঙ্গ পরীক্ষা করার মতো অপমানজনক মন্তব্যও করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় ধরে তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হয়। অভিযুক্তরা সেই ঘটনার ভিডিও ধারণ করে পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে দেয়। ভিডিওটি ভাইরাল হতেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তোলেন।

এদিকে, মূল অভিযুক্ত মহিলা আটক হলেও তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুরুষদের দ্রুত গ্রেফতারের দাবিতে চাপ বাড়ছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *