রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান এআইডিএসও’র

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেছে এআইডিএসও-র গুয়াহাটি জেলা কমিটি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে গুয়াহাটির কামরূপ জেলা কমিশনারের মাধ্যমে এই স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্রে মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীকে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এআইডিএসও-র প্রতিনিধিরা জানান, বর্তমানে রাজ্যের বহু মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়কে অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া চলছে। সংগঠনের দাবি, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে বিদ্যালয়গুলোর সুরক্ষা ও মানোন্নয়নের দিকে সরকারকে গুরুত্ব দিতে হবে।

এছাড়াও, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বিপুল সংখ্যক শূন্যপদ দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করা হয়। তাই দ্রুত সমস্ত শূন্যপদ পূরণের দাবি জানানো হয়েছে।
সম্প্রতি ঘোষিত মেট্রিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য পরবর্তী স্তরে ভর্তির সুযোগ নিশ্চিত করার বিষয়েও স্মারকপত্রে জোর দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সংকটের হাত থেকে রক্ষা করতে এবং দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার সুরক্ষিত করতে সরকারকে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *