
বরাক তরঙ্গ, ১৯ মে : ভাষা শহিদ দিবস উপলক্ষে বাগবাড়িস্থিত শহিদ বেদীতে উপস্থিত হয়ে বরাকের একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমছু)-এর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার। এসময় তিনি ভাষা শহিদদের আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন।
আফজল হোসেন তাপাদার বলেন, ১১ জন ভাষা শহিদের রক্তের বিনিময়ে বরাকবাসী তাদের মাতৃভাষা বাংলা ভাষার স্বীকৃতি অর্জন করেছে। তাই প্রতিটি বাঙালির গর্বের সঙ্গে ১৯ মে দিনটি স্মরণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, বাগবাড়িতে অবস্থিত শহিদ বেদী কালীগঞ্জ এলাকার এক অমূল্য সম্পদ। এই শহিদ বেদীকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তুলতে সকলের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, ১৯৬১ সালের ভাষা আন্দোলনে কোনো ধর্মীয় বিভেদ ছিল না। “আমরা সবাই বাঙালি” — এই চেতনাকে সামনে রেখেই আন্দোলনে সামিল হয়েছিলেন মানুষ। বাঙালির ঐক্য ও আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল। তাই ১৯ মে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্রনেতা আফজল হোসেন।



