বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : বরাক উপত্যকার বাঙালির ভাষা ও অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক ঐতিহাসিক উনিশে মে উপলক্ষে এবারও গোটা উপত্যকা জুড়ে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভাষা শহিদদের স্মরণে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে এখন সাংস্কৃতিক আবহে রঙিন হয়ে উঠছে রাজপথ।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শিল্পীদের উদ্যোগে চলছে আলপনা অঙ্কনের কাজ। শিলচর রেলস্টেশন চত্বর, সদরঘাট, আর্যপট্টি, শ্মশান ঘাট সহ বিভিন্ন এলাকায় আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালির আবেগ এবং ভাষার অধিকার রক্ষার বার্তা।
শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত ‘সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ’-এর পরিচালনায় গান্ধিবাগ এলাকায় আয়োজিত আলপনা কর্মসূচিতে অংশ নেন বহু তরুণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মী। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা, গণসঙ্গীত ও কবিতা পাঠের আসর। উদ্যোক্তাদের বক্তব্য, ভাষা শহিদদের আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার সাংবিধানিক মর্যাদার দাবিতে আন্দোলন চলাকালীন শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে শহিদ হন ১১ জন ভাষা আন্দোলনকারী। সেই ঐতিহাসিক আত্মত্যাগকে স্মরণ করেই প্রতি বছর বরাক উপত্যকাজুড়ে পালিত হয় ভাষা শহিদ দিবস।



