১৮ মে : কেরালমের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। দীর্ঘ এক দশক পরে কেরালায় ক্ষমতায় ফিরেছে কংগ্রেসের নেতৃত্বাধীন UDF। সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ গ্রহণের আয়োজন করা হয়। সেখানেই শপথ নেন কেরলমের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর শপথবাক্য পাঠ করান নতুন মুখ্যমন্ত্রী ভিডি সতীশনকে।
নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে এ দিন তাঁর ক্যাবিনেটের ২০ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। কেরলমের গত ৬০ বছরের ইতিহাসে এই প্রথমবার মন্ত্রিসভার সমস্ত সদস্য একই দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করলেন। রবিবার কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের সঙ্গে জরুরি বৈঠকের পরে মন্ত্রিসভার ২০ জন সদস্যের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। সূত্রের খবর, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই মন্ত্রীদের নাম ঘোষণা করেন সতীশন।
কেরলম প্রশাসন সূত্রে খবর, অর্থদপ্তর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। প্রবীণ কংগ্রেস নেতা ও বিধায়ক রমেশ চেন্নিথালাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এ ছাড়াও মন্ত্রী হয়েছেন কংগ্রেসের সানি জোসেফ, এপি অনিল কুমার, পিসি বিষ্ণুনাদ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণা, এম লিজু, টি সিদ্দিকি, ওজে জনীশ, কেএ থুলাসি। IUML থেকে মন্ত্রী করা হয়েছে পিকে কুনহালিকুট্টি, পিকে বসির, এন সামসুদ্দিন, কেএম সাজি এবং আব্দুল গফুরকে।



