বরাক তরঙ্গ, ১৮ মে : সামাজিক মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সম্বলিত ভিডিও পোস্ট করার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটারকে আটক করেছে শান্তির বাজার থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তির বাজারের গঞ্জের টিলা এলাকার বাসিন্দা শিপুল মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করে আসছিলেন। সম্প্রতি তিনি অসমের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওটি নজরে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।
পরবর্তীতে শান্তির বাজার থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিপুল মজুমদারকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানান, তিনি গল্পের ছলে ভিডিওটি তৈরি করেছিলেন এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। ঘটনার জন্য তিনি অনুতাপ প্রকাশ করে ক্ষমাও প্রার্থনা করেন।
পুলিশের সামনেই নিজের ভুল স্বীকার করে কান ধরে উঠবস করেন শিপুল মজুমদার। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কুরুচিকর মন্তব্য বা বিতর্কিত ভিডিও তৈরি না করার আহ্বান জানান সকলের প্রতি।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন শেষ পর্যন্ত কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে স্থানীয়দের।



