বরাক তরঙ্গ, ১৭ মে : অসমে ক্রমশ কমছে অপরাধের হার। প্রতি লক্ষ জনসংখ্যার তুলনায় রাজ্যে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের মহাপরিচালক হরমিৎ সিং। শনিবার মার্চ ও এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বৈঠকের পর তিনি এই তথ্য প্রকাশ করেন। অসম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের হার ছিল ৩৪৯.৫। বর্তমানে সেই হার কমে দাঁড়িয়েছে ১০০.২-এ। পাশাপাশি আদালতে বিচারাধীন মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে যেখানে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১১,১০৩.৩, বর্তমানে তা নেমে এসেছে ৩,০৬৫-এ।
অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিংয়ের নেতৃত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় মার্চ ও এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বৈঠক। বৈঠকে অংশ নেন রাজ্যের সমস্ত জেলার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসাররা।
বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে হরমিত সিং জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় অসম পুলিশ তদন্ত ক্ষমতা আরও শক্তিশালী করেছে এবং রাজ্যজুড়ে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, চার্জশিট দাখিলের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালে যেখানে চার্জশিট দাখিলের হার ছিল ৩৯.৪০ শতাংশ, বর্তমানে তা বেড়ে ৮৬.০৪ শতাংশে পৌঁছেছে।

এছাড়াও তিনি প্রথম ভার্চুয়াল পুলিশ সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা, থানা, ব্যাটালিয়ন ও শাখার হাজার হাজার পুলিশ কর্মীর সঙ্গে সংযুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের সময় শান্তি ও জনবিশ্বাস বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।



