মোদি-জেটেন বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত!

Spread the news

১৭ মে : প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পরিবেশবান্ধব শক্তির মতো অগ্রাধিকারে থাকা ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও মজবুত করতে ভারত ও নেদারল্যান্ডস তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করল। দ্য হেগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান বাণিজ্য, প্রতিরক্ষা, সেচ ও জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং পরিবেশবান্ধব শক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। দুই দেশের সম্পর্ককে গণতান্ত্রিক মূল্যবোধ এবং মজবুত অর্থনৈতিক সহযোগিতার প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ডাচদের বিশেষ দক্ষতা এবং ভারতের গতি ও দক্ষতার মেলবন্ধনে এই সম্পর্ক উদ্ভাবন, বিনিয়োগ ও প্রতিরক্ষায় নতুন উচ্চতা অর্জন করবে।’

সফর চলাকালীন ভারত ও নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি ‘সিইও রাউন্ডটেবিল’ বৈঠকেও যোগ দেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেখানে মোদি ভারতকে “স্কেল এবং স্থিতিশীলতার প্রতীক” হিসেবে বর্ণনা করে ডাচ সংস্থাগুলিকে ভারতে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রিনিউয়েবল এনার্জি এবং সামুদ্রিক পরিকাঠামোয় বিনিয়োগের আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, কর ব্যবস্থা ও শ্রম আইনে সংস্কারের ফলে ভারতে ব্যবসার পরিবেশ এখন অনেক সহজ।

এই সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে ভারতের টাটা ইলেকট্রনিক্স এবং ডাচ প্রযুক্তি জায়ান্ট ‘এএসএমএল’ (ASML)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে গুজরাটের ঢোলেরায় ভারতের প্রথম ফ্রন্ট-এন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেবে নেদারল্যান্ডস। পাশাপাশি, দুই দেশই ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত বাস্তবায়নের পক্ষে সওয়াল করেছে। গ্রিন হাইড্রোজেন এবং সেমিকন্ডাক্টরের মতো উদীয়মান ক্ষেত্রে এই নতুন কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের সম্পর্ককে আগামীদিনে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *