বরাক তরঙ্গ, ১৬ মে : বড়ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়পথার থানার অধীন অভংপথার এলাকায়। বৃহস্পতিবার রাতে দুই ভাই— ললিত গগৈ ও দিলীপ গগৈ মদ্যপান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ছোট ভাই ললিত গগৈ নিজের দাদা দিলীপ গগৈকে হত্যা করে বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হন দিলীপ গগৈ। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ললিত গগৈ নিজেই বড়পথার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মদ্যপান সংক্রান্ত বিবাদ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত চালানো হচ্ছে।



