বরাক তরঙ্গ, ১৬ মে : চিরাং জেলার বিজনী-কুকলুং সড়কের উত্তর শিলবাড়ি এলাকায় শুক্রবার রাতে সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের একমাত্র কন্যা। জানা গিয়েছে, AS 26 F 2229 নম্বরের একটি দ্রুতগতির সুইফট গাড়ি পিছন দিক থেকে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি আরোহী অনামিকা পাটগিরি রায়ের। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী তথা CISF কর্মী রাহুল রায়কে বঙাইগাঁওয়ের লোয়ার অসম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন রাহুল রায়। দুর্ঘটনায় তাঁদের একমাত্র কন্যা কস্তুরী রায় গুরুতরভাবে আহত হয়েছে। বর্তমানে সে লোয়ার অসম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক পূজা শেষে রাহুল রায়, তাঁর স্ত্রী অনামিকা পাটগিরি রায় এবং কন্যা কস্তুরী রায় স্কুটিতে করে ভুমকিপাড়ায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় উত্তর শিলবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিযোগ, দুর্ঘটনার পর চারচাকা গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



