বরাক তরঙ্গ, ১৪ মে : আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা (আউটা)-র ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল ব্যাপক উৎসাহ ও উত্তেজনা। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে অনুষ্ঠিত আউটার বার্ষিক সাধারণ সভা (এজিবিএম)-এর মধ্যেই সম্পন্ন হয় এই নির্বাচন। শেষ পর্যন্ত ড. অমিত কুমার দাসের নেতৃত্বাধীন প্যানেল সবকটি পদে জয়লাভ করে কার্যত ‘ক্লিন সুইপ’ করেছে। নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। একাধিক পদে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ড. অমিত দাস প্যানেলের প্রার্থীরাই জয়ী হন।
নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি ড. অমিতকুমার দাস, সহ-সভাপতি অধ্যাপক নবেন্দু সেন, সাধারণ সম্পাদক ড. বিশ্বরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক ড. গোবিন্দ শর্মা ও ড. প্রণব সরকার এবং কোষাধ্যক্ষ ড. দৃষ্টিরূপা পাটগিরি।
সভাপতি পদে ছিল সবচেয়ে আকর্ষণীয় লড়াই। ড. অমিতকুমার দাস ১৩৩ ভোট পেয়ে অধ্যাপক দেবাশিস সেনগুপ্তকে পরাজিত করেন। অধ্যাপক সেনগুপ্ত পান ১২৬ ভোট। অন্যদিকে সহ-সভাপতি পদে অধ্যাপক নবেন্দু সেন সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে নির্বাচনের সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ড. বিশ্ব রঞ্জন রায় ১৩৩ ভোট পেয়ে ড. মোনালি লংমালাইকে পরাজিত করেন। ড. লংমালাই পান ১২৫ ভোট।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীরা শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষকদের স্বার্থরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তাঁরা একযোগে কাজ করবেন। উল্লেখ্য, অধ্যাপক টিনেশ্বরী দেবী, অধ্যাপক সৌগত নাথ এবং অধ্যাপক হিমাদ্রি শেখর দাস নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন হয়।



