বন্য হাতির আক্রমণে মহিলার করুণ মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : নগাঁও জেলার কঠিয়াতলী বন আঞ্চলিক কার্যালয়ের অন্তর্গত কন্দলী কুঁহিয়ারতলি ফায়ারিং ফিল্ডের নিকটে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ঘটনা। বন্য হাতির আক্রমণে এক মহিলার করুণ মৃত্যু হওয়ার পাশাপাশি একটি বসতঘরও ভেঙে তছনছ করে দেয় হাতির দল।

জানা গেছে, নিহত মহিলার নাম রূপালি রংপি। মঙ্গলবার গভীর রাতে একটি বন্য হাতি তাঁর বাড়িতে হামলা চালায়। এরপর মহিলাকে ঘর থেকে টেনে বের করে এনে রাস্তায় ফেলে পিষে হত্যা করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর দীর্ঘ সময় ধরে মহিলার দেহ রাস্তার উপরেই পড়ে ছিল।

এই হৃদয়বিদারক ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মহিলার ১০ বছরের সন্তান ও তাঁর স্বামী। ঘটনার জেরে সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বন্য হাতির উপদ্রব চললেও স্থায়ী কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলেই ফের এক নিরীহ প্রাণ ঝরে গেল বন্য হাতির হামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *