রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তির মিলল পরিচয়, তিনি শিক্ষক 

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : শিলচর রামনগরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটা ব্যক্তির পরিচয় মিলল। মৃত ব্যক্তি শ্রীভূমি মহর্ষি বিদ্যামন্দিরের শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্য (৫২)। তিনি শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা।

জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য শ্রীভূমির বাস ধরতে সকালে বাড়ি থেকে বেরিয়ে বীরেশ্বরবাবু অটোতে চড়ে রামনগরে যান। রামনগরে পৌঁছে অটো থেকে নেমে একটু এগোতেই একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। এতে তিনি পড়ে গেলে লরির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। লরির চাকায় তার মাথা-সহ শরীরের উপরিভাগ থেঁতলে যায়।

ঘটনার পর ঘাতক লরিটি সেখানে না থেমে দ্রুত সরে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। তবে মাথা এবং মুখমণ্ডল থেতলে যাওয়ার দরুন কেউই বীরেশ্বরবাবুকে সনাক্ত করতে পারেননি। আর লরির চাপায় তার মোবাইলও চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এই অবস্থায় মোবাইল থেকে সিম বের করে অন্য একটি মোবাইলে লাগানো হয়। পরিচিত কেউ ফোন করলে পরিচয় জানা যাবে, এই উদ্দেশ্যে পুলিশ অন্য মোবাইলে লাগিয়েছিল সিম। কিছুক্ষণ পর কোনও কারণবশত মোবাইলে ফোন করেন বীরেশ্বরবাবুর পত্নী। তখন জানা যায় তার পরিচয়।

বীরেশ্বরবাবু সম্পর্কে জানা গেছে, তিনি আগে কাজ করতেন শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে। কিছুদিন আগে তাঁকে পাঠানো হয় শ্রীভূমির স্কুলে। তাঁর পরিবারে রয়েছেন পত্নী সহ এক কন্যা। এদিনই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে সামঝে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক লরির খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *