বরাক তরঙ্গ, ১৩ মে : কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানবাহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ মে সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার এক বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়ার যানজটপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই বুধবার কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়ার নেতৃত্বে প্রশাসনের একদল আধিকারিক চেরাগী বাজার ও চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান চালান।
অভিযান চলাকালীন রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার দু’পাশ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি বাড়ানোর বিষয়েও প্রশাসন গুরুত্ব আরোপ করেছে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান ও কড়া নজরদারি চালানো হলে কাটিগড়ার দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে।



