১৩ মে : নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ। প্রথমেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি। বিধানসভায় প্রবেশের পরেই বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দেন তিনি। এর পরে গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। বিধানসভা ভবনের ভিতরে ঢোকার আগে নতজানু হয়ে প্রণাম করেন শুভেন্দু। ভিতরে ঢুকে পুজোও করেন তিনি। ফেসবুকে সে ভিডিয়ো শেয়ার করেছেন নিজেই।
এ দিন বিধায়ক হিসেবে প্রথমেই শপথ নেন শুভেন্দু অধিকারী। এর পরে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিকরা। শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।
সূত্রের খবর, এ দিন উত্তরের ৯ জেলা ও মুর্শিদাবাদের বিধায়করা শপথ নেবেন প্রথমার্ধে। অর্থাৎ সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে শপথ নেবেন ৭৬ জন বিধায়ক। এর পরে দুপুর ২টো থেকে সাড়ে ৪টে অবধি শপথ নেওয়ার কথা আরও ৮০ জন বিধায়কের। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা নেবেন এ দিন। আগামিকাল, বৃহস্পতিবার বাকি ১১ জেলার বিধায়করা শপথ নেবেন। সকলকেই শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।



