পশ্চিমবঙ্গকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
১২ মে : পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের পর থেকেই বাংলাদেশে একাধিক ভুয়ো ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে যে, এপারে মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে ইয়েমেন কিংবা বাংলাদেশের পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে, মুসলিমদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে বা মাদ্রাসায় হামলা চলছে। যদিও ইতিমধ্যেই এইসব ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বহু ক্ষেত্রেই তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
এরই মধ্যে ঢাকায় ভারতবিরোধী বিক্ষোভে সরব হয়েছে কয়েকটি মৌলবাদী সংগঠন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামি ঐক্য জোটের ডাকা এক সমাবেশে একাধিক উস্কানিমূলক মন্তব্য করা হয়। সংগঠনের চেয়ারম্যান মওলানা আব্দুল কাদির বলেন, “দিল্লির বুকে কালেমার পতাকা উড়বে।” পাশাপাশি তিনি ভারতের বিভাজনের কথাও উল্লেখ করেন। সমাবেশে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধেও হুঁশিয়ারিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে, মুফতি সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশের তওহিদি জনতা ভারতের বিরুদ্ধে লংমার্চ করবে।” এছাড়াও কয়েকজন বক্তা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার মতো বিতর্কিত মন্তব্য করেন।
কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশে লাগাতার অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজি শাহ মোফাজ্জাল হোসেন জানান, সংখ্যালঘুদের উপর যেকোনও ধরনের হামলা বা অত্যাচারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।
এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেক ক্ষেত্রেই পুরনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এ ধরনের ঘটনার কোনও সত্যতা মেলেনি।” তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে ঘিরে বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।



