রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি ঘর সহ ছয়টি অটো, দু’টি বাইক

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত চারটি বসতবাড়ি। পাশাপাশি ভস্মীভূত হয়েছে ছয়টি অটো, দু’টি বাইক, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য।
জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ করেই শিমুলতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

ঘটনার খবর পেয়ে শিলচর সদর রাজস্ব চক্রের লট মন্ডল ও চক্রস্তরীয় দ্রুত প্রতিক্রিয়া দল (CQRT)-এর স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকার্যে অংশ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল ও বাসনপত্র তুলে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *