বরাক তরঙ্গ, ১০ মে : মিজোরামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই টিপার চালক। রবিবার সকালে লংতলাই থেকে মায়ান্মারের উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি টাটা ৭১২ এসকে টিপার (MZ07-A1792) রওনা দেয়। পথে সিয়াহা জেলার সেরকাওর ও কাউলচাও এলাকার মধ্যবর্তী স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক লালতলানহ্লুয়া (২৪)-এর। তিনি বর্তমানে লংতলাইয়ের টিয়াউ এলাকায় বসবাস করতেন। এছাড়াও সহচালক সি জোমুয়ানপুইয়া (৩৭), যিনি লংতলাই বাজার ভেং এলাকার বাসিন্দা, তিনিও প্রাণ হারান।
রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ নিহত দুই চালকের মৃতদেহ লংতলাইয়ে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



