রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ ১০ মে : ভাষা আন্দোলনের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের ৬৫তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতিতে মুখর বরাক উপত্যকা। একইসঙ্গে ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ নামকরণের দাবিতে চলমান গণআন্দোলনেরও ২১ বছর পূর্ণ হয়েছে। এই দ্বৈত তাৎপর্যকে সামনে রেখে আগামী ১৮, ১৯ ও ২০ মে তিনদিনব্যাপী শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ সমিতি।
শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ড. রাজীব কর জানান, নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং গেজেট নোটিফিকেশন জারির দাবি জানানো হয়েছে। তিনি বলেন, ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানিয়ে সরকার যেন দ্রুত এই দাবির প্রতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে।
এবারের ‘উনিশের পদক’ পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন শতদল ভট্টাচার্য। তিনি জানান, শিলচর রেলস্টেশনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে রক্তদান শিবির। পাশাপাশি নবপ্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
সমিতির এক প্রতিনিধি বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস জানুক এবং এই আন্দোলনের চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করুক। সকলের সহযোগিতায় অনুষ্ঠান আরও সফল হয়ে উঠবে।”
অনুষ্ঠানে বরাক উপত্যকা, গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী, সাহিত্যিক ও চিন্তাবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও এই উপলক্ষে প্রকাশিত হবে সমিতির মুখপত্র ‘বর্ণমালার রোদ্দুর’-এর ১৯তম সংখ্যা। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মহতী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।



