১০ মে : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত এই বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানিও উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলমান যুদ্ধ ও উত্তেজনা কমাতে সম্ভাব্য একটি সমঝোতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ নিয়ে আলোচনা চলছে। এই প্রস্তাবিত কাঠামোর লক্ষ্য হলো সংঘাত বন্ধ করা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত কূটনৈতিক আলোচনার পথ তৈরি করা। ওয়াশিংটন বর্তমানে এ বিষয়ে তেহরানের সর্বশেষ প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আলোচনার মধ্যস্থতাকারী হলেও কাতার নেপথ্যে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।



