১০ মে : হাঙ্গেরির রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মধ্য-ডানপন্থী তিসজা পার্টির নেতা পিটার মাগিয়ার। রাজধানী বুদাপেস্টের ঐতিহাসিক পার্লামেন্ট ভবনে শনিবার আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন ৪৫ বছর বয়সী এই নেতা। এর মধ্য দিয়ে অবসান ঘটল ভিক্টর ওরবানের টানা ১৬ বছরের শাসনের।
গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাগিয়ারের নেতৃত্বাধীন তিসজা পার্টি বড় ধরনের বিজয় অর্জন করে। ১৯৯ আসনের পার্লামেন্টে দলটি ১৪১টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হাঙ্গেরির রাজনীতিতে পরিবর্তনের বার্তা স্পষ্ট হয়ে ওঠে।
শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে পিটার মাগিয়ার বলেন, হাঙ্গেরি এখন “শাসনব্যবস্থা পরিবর্তনের দ্বারপ্রান্তে” দাঁড়িয়ে আছে। তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।
দীর্ঘদিন ধরে ভিক্টর ওরবানের শাসন ইউরোপীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। তাঁর জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থী অবস্থানের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বুদাপেস্টের সম্পর্ক ক্রমেই অবনতি ঘটে। বিশেষ করে আইনের শাসন, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে ইইউ বারবার উদ্বেগ প্রকাশ করেছিল।



