প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে কবিগুরুর জন্মজয়ন্তী সাড়ম্বড়ে পালিত

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে সাড়ম্বরে পালিত হল এক বর্ণাঢ্য কবি প্রণাম অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান রবীন্দ্রচেতনা ও সাংস্কৃতিক আবহে হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু শিক্ষক দাস, অধ্যক্ষা চন্দনা দাস, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্জ্বলন এবং কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর শুরু হয় একের পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নৃত্য ও রবীন্দ্রনাট্যে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। বিশেষ করে নার্সারি বিভাগের খুদে পড়ুয়াদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির ছাত্রী রিয়া দাস এবং প্রথম শ্রেণির ছাত্র রণজয় ধর। রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন প্রিয়াংসী দাস, অস্মিতা দাস, মৌসমী দাস, জিয়ানা লস্কর, ঋতুশ্রী পাল, অংকীতা রবিদাস, অভিগেইল থাপ্পা, অনন্যা পাল, সোনাক্ষী পাল ও শ্রাবন্তী দাস।

রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন তাপসী দাস, অনুষ্কা দে, অধিরাজ দে, ত্রিদিব দাস ও মৌসমী ভট্টাচার্য। কবিতা আবৃত্তি করেন সানভী পাল, মঞ্জুল্লী দেব, অংশুমান ঘোষ, প্রীতম দেব ও রিয়াংশ দেব। এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাট্য ও গীতিকবিতা।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বিগত শিক্ষাবর্ষে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে স্মারক তুলে দেন অধ্যক্ষা চন্দনা দাস। স্মারক গ্রহণের পর ছাত্রছাত্রীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *