বরাক তরঙ্গ, ৮ মে : যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে চলেছে অসমের নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে গৌহাটির খানাপাড়াস্থ পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এখন তুঙ্গে প্রস্তুতি।
জানা গেছে, ১২ মে সকাল ১১টায় ওই মাঠেই অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। ঐতিহাসিক জয়ের পর টানা তৃতীয়বারের মতো রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ড. হিমন্ত বিশ্ব শর্মা নিজেই শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি করছেন। বৃহস্পতিবার রাতের পর রবিবার বিকেলেও তিনি খানাপাড়ার অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, “রবিবার সকাল ১০টায় বিজেপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচন করা হবে। এরপর সকাল ১১টায় এনডিএ জোটের যৌথ বৈঠকে জোটের নেতা নির্বাচন করা হবে। দুপুর ১২টায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানানো হবে। রাজ্যপালের অনুমোদনের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এরপর ১২ মে সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন শিল্পপতি, অসমের বিভিন্ন সত্ৰাধিকাৰ, বিজেপি ও মিত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।



