বরাক তরঙ্গ, ৬ মে : আজকের দিনে যোগ শুধু শরীর ও মন সুস্থ রাখার মাধ্যম নয়। পেশা হিসেবেও যোগ’কে সঙ্গী করার যথেষ্ট সুযোগ রয়েছে। এই বিষয়গুলো যুব সমাজের সামনে নিয়ে আসতে হবু। সচেতন করতে হবে তাঁদের। এমন মন্তব্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর। ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের যোগ সম্পর্ক অভিযানের বৈঠকেই এমনটা উল্লেখ করেন তিনি।
কার্যত, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে “যোগ সম্পর্ক অভিযান” করছে ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস (আইওয়াইআরএইচএস)। এবারে কেওয়াইবিসি ফাউন্ডেশন-এর সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি করল ইন্ডিয়ান যোগ অ্যাসসিয়েশন-এর এই সদস্য প্রতিষ্ঠান। এর অঙ্গ হিসেবেই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ-র সঙ্গে এক বৈঠক করেন দুই যোগ সংস্থার প্রতিনিধিরা। যোগ শিক্ষার প্রচার-প্রসারের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায় তাতে, সঠিক যোগ শিক্ষাকে কীভাবে আমজনতার কাছে পৌঁছে দেওয়া যায়, এ নিয়ে আলোকপাত করেন বিধায়ক কমলাক্ষ।
দ্বাদশ যোগ দিবসকে সামনে রেখে যোগ সম্পর্ক অভিযানে বিধায়ক সকাশে ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন-কেওয়াইবিসি ফাউন্ডেশন
কমলাক্ষর কথায়, যোগ শিক্ষাও যে নিজের ক্যারিয়ার গড়ার মাধ্যম হতে পারে, সে সম্পর্কে বেশিরভাগেরই জানা নেই। তা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। তাছাড়া, আজকের দিনে নিয়মিত যোগ অনুশীলন খুব জরুরি। কারণ, ব্যস্ততম জীবন। সবাই প্রতিষ্ঠার পেছনে দৌড়ঝাঁপ করছেন। অভিভাবকদেরও ছেলেমেয়েদের প্রতি প্রত্যাশার শেষ নেই। ফলে, চাপ বাড়ছে। এই অবস্থায় শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে মনে হয় যোগ প্রক্রিয়া অভ্যাসের বিকল্প হতেই পারে না। পাশাপাশি ইতিবাচক জীবন কাটানোর অন্যতম উপায়ও কিন্তু হতে পারে এই যোগাভ্যাস। যোগ সম্পর্ক অভিযানের মাধ্যমে যোগ শিক্ষা প্রসঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতামত গ্রহণ করা, সেই হিসেবে প্রচারের রূপরেখা তৈরি করা, ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ-এর এমন উদ্যোগকে সাধুবাদ দেন কমলাক্ষ। সহযোগিতার আশ্বাসও দেন।

সম্প্রতি বিধায়কের কাটিগড়ায় বাড়িতে আয়োজিত হয় এই বৈঠক। এতে যোগ ইনস্টিটিউশনের সিইও শতাক্ষী ভট্টাচার্য, সংযোজক তথা কার্যনির্বাহী সদস্যা নিরোজিৎ দাস, লিগ্যাসি পার্সন (যোগ পরম্পরা) যোগ আচার্য রাহুল উপস্থিত ছিলেন। সঠিক যোগ শিক্ষার প্রসার নিয়ে ইন্ডিয়ান যোগ অ্যাসসিয়েশন ও আয়ুষ মন্ত্রকের দিক-নির্দেশনা, লক্ষ্য এ সব বিস্তারিত উল্লেখ করেন তাঁরা। বিধায়ক কমলাক্ষর হাতে যোগ সম্পর্ক অভিযানের স্মারকও তুলে দেওয়া হয় যোগ সংস্থানগুলোর পক্ষে।



