মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ মে : দীর্ঘ প্রতীক্ষার অবসান কাল। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনায় টগবগ করছে শ্রীভূমি। করিমগঞ্জ কলেজে স্থাপিত গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে ভোট গণনা। সকাল ৮টা থেকে প্রক্রিয়া শুরু হলেও প্রথমে ব্যালট পেপার সোর্টিং হওয়ায় মূল ইভিএম গণনা শুরু হবে প্রায় সকাল ৯টা নাগাদ। এরপর ধাপে ধাপে সামনে আসবে বিভিন্ন কেন্দ্রের ফলাফলের প্রবণতা। এই গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী, রাজ্য সশস্ত্র পুলিশ এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্র ও স্ট্রং রুম এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি নজরদারি।
প্রথম স্তরে কেন্দ্রীয় বাহিনী, যেখানে কড়াভাবে পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্তরে রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ—এখানে প্রত্যেককে শারীরিক তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। মোবাইল, ল্যাপটপ বা কোনও রেকর্ডিং ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলাদের তল্লাশি করছেন মহিলা নিরাপত্তারক্ষীরা। বাইরের স্তরে স্থানীয় পুলিশের কড়া নজরদারি জারি রয়েছে এবং গণনা কেন্দ্রের আশপাশে ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে।
নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারও নজরকাড়া। প্রথমবার চালু হয়েছে কিউআর কোড-ভিত্তিক ফটো আইডি কার্ড, যার মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। করিমগঞ্জ কলেজে থাকা স্ট্রং রুমগুলির নিরাপত্তা গত দু’দিন ধরেই খতিয়ে দেখেছেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে থাকা স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় রাখা হয়েছে ইভিএম।
এবারের গণনায় মোট ৪টি বিধানসভা কেন্দ্রের ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। প্রায় ৯ লক্ষাধিক ভোটারের রায় ধাপে ধাপে প্রকাশ পাবে দিনের বিভিন্ন সময়ে। রামকৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে ১৪টি করে টেবিলে এবং পাথারকান্দিতে ১২টি টেবিলে গণনার ব্যবস্থা করা হয়েছে।
স্বচ্ছতা বজায় রাখতে পুরো গণনা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক, যারা গোটা প্রক্রিয়া তদারকি করবেন। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।



