কাছাড়ে ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২ মে : ধলাই থানার অন্তর্গত চান্নিঘাট এলাকায় শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিপ্পার আহমেদ লস্কর দাবি করেছেন যে, রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তসলিম উদ্দিন চৌধুরীর পুত্র আমির উদ্দিন চৌধুরী প্রথমে ফোনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার সময়, অভিযুক্ত আমির উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় চান্নিঘাটে অবস্থিত অ্যাসোসিয়েশনের শাখা কার্যালয়ে এসে পুনরায় উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়েছে, তিনি অফিসে এসে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যার ফলে উপস্থিত সদস্যরা তাকে সেখান থেকে বের করে দেন। এরপরও তিনি থেমে না থেকে ফোনের মাধ্যমে হুমকি দেন এবং সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পক্ষ ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *