বরাক তরঙ্গ, ১ মে : জাতীয় স্তরের টেনিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল অসমের উদীয়মান তারকা ফাগুন জ্যোতি। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ন্যাশনাল র্যাঙ্কিং সুপার সিরিজ টেনিস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১২ মেয়েদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মর্যাদাপূর্ণ এই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (AITA) আয়োজিত প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেন ফাগুন। ফাইনাল ম্যাচে তিনি উত্তর প্রদেশের শুভি রঞ্জনকে সরাসরি সেটে ৬-৪, ৬-২ ব্যবধানে পরাজিত করেন।
এই জয় তার ধারাবাহিক পারফরম্যান্স ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন। এর ফলে জাতীয় পর্যায়ের টেনিসে অসমের অবস্থান আরও মজবুত হলো। ফাগুন জ্যোতি গুয়াহাটির হলি চাইল্ড স্কুলের ছাত্রী এবং অসম টেনিস অ্যাসোসিয়েশনের (ATA) চাচল কোচিং সেন্টারের প্রশিক্ষণার্থী। তার এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। অসম টেনিস অ্যাসোসিয়েশন তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।



