তারাপুরের কাশীপুরে ভয়াবহ নদীভাঙন পরিস্থিতি পরিদর্শনে রাজদীপ রায়

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : টানা ভারি বর্ষণের জেরে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, আবার কোথাও রাস্তার মাটি ধসে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সোমবার তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন কাশীপুর এলাকার ভয়াবহ নদীভাঙন কবলিত অঞ্চল সরেজমিনে পরিদর্শন করেন শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডাঃ রাজদীপ রায়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

জানা গেছে, কাশীপুর এলাকায় প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক পরিবারের বসবাস। বর্ষার শুরুতেই নদীবাঁধ ও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে উদ্বেগ বাড়তে শুরু করে। বর্তমানে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বিধায়ক রাজদীপ রায় আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দ্রুত বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকারের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে। তাঁর এই তৎপরতায় কিছুটা স্বস্তি ও আশার আলো দেখছেন কাশীপুর এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *