শ্রীভূমিতে এসইউসিআই-র উদ্যোগে মে দিবস পালন, শ্রমিক আন্দোলন জোরদারের আহ্বান

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে করিমগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।
এদিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ—“মে দিবস জিন্দাবাদ”, “দুনিয়ার শ্রমিক এক হও”, “ইনকিলাব জিন্দাবাদ” প্রভৃতি স্লোগান ধ্বনিত হয়। পরে কর্মীরা আন্তর্জাতিক কমিউনিস্ট নেতৃবৃন্দ—মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সে তুং ও শিবদাস ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরুণাংশু ভট্টাচার্য বলেন, মালিক ও শ্রমিকের স্বার্থের দ্বন্দ্ব থেকেই মে দিবসের সূচনা। ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেট আন্দোলনের মাধ্যমে ৮ ঘণ্টার শ্রমদিবসের দাবিতে যে ঐতিহাসিক সংগ্রাম শুরু হয়, তা পরবর্তীতে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ভিত্তি স্থাপন করে। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিকের সিদ্ধান্ত অনুযায়ী ১৮৯০ সাল থেকে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে বিভিন্ন সরকারি নীতির মাধ্যমে শ্রমিক শ্রেণির উপর বহুমুখী আক্রমণ চালানো হচ্ছে। ২০১৯-২০ সালে ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রম কোড প্রণয়নের সমালোচনা করে তিনি এই আইনগুলিকে শ্রমিক-বিরোধী বলে আখ্যা দেন এবং এগুলি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভায় প্রবীণ সদস্য তুষার দাস বলেন, দেশে ৮ ঘণ্টার শ্রমদিবসের অধিকার আজ হুমকির মুখে। বিভিন্ন রাজ্যে ১২ ঘণ্টার কাজ চালু করার প্রবণতা দেখা যাচ্ছে, যা শ্রমিকদের স্বার্থবিরোধী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু দত্ত পুরকায়স্থ, পিকলু দাস, গোলাপ কুমার, দেবব্রত শুক্ল, জীতেশ ভট্টাচার্য, সুজিত কুমার পালসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *