৩০ এপ্রিল : ভারতের মানচিত্র বিকৃত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোর অভিযোগে বড়সড় বিতর্কে জড়াল নেপাল এয়ারলাইন্স। গত বুধবার সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত একটি রুট নেটওয়ার্ক মানচিত্র ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।
অভিযোগ, ওই মানচিত্রে ভারতের গুরুত্বপূর্ণ দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভুলভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত দেখানো হয়। বিষয়টি সামনে আসতেই ভারতীয় নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ভিডিও ও মানচিত্রটি এক্স (প্রাক্তন টুইটার) এবং ফেসবুকে ভাইরাল হতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু ব্যবহারকারী নেপাল এয়ারলাইন্স বয়কটের আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় #BoycottNepalAirlines হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে। পাশাপাশি, বিষয়টি ভারতের বিদেশ মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে কূটনৈতিকভাবে উত্থাপনের দাবিও ওঠে। ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবসহ একাধিক ব্যক্তিত্ব এই ঘটনার সমালোচনা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বৃহস্পতিবার নেপাল এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, বিতর্কিত মানচিত্রটি ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি একটি ‘কার্টোগ্রাফিক ত্রুটি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে সংস্থা স্পষ্ট জানায়, উক্ত মানচিত্র নেপাল সরকার বা নেপাল এয়ারলাইন্সের কোনো সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নেপাল এয়ারলাইন্স তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।



