বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : হাইলাকান্দি উকিল বার সংস্থার পাশে বৃহস্পতিবার হঠাৎই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক যুবক প্রথম স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে অন্য এক যুবতীকে নিয়ে আদালতে বিয়ে করতে আসেন। এমন খবর পেয়ে প্রথম স্ত্রী ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি মা, ভাইসহ আত্মীয়-স্বজনদের নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, প্রথম স্ত্রী ও তার পরিবারের সদস্যরা যুবক এবং তার হবু দ্বিতীয় স্ত্রীকে ধরে মারধর করেন। এতে দু’জনেই গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন বলে জানা গেছে।
এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



