২৫ মে : ফের বাড়ল জ্বালানির দাম। সোমবার একধাক্কায় পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা বাড়ানো হয়েছে। এ দিন থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দুই সপ্তাহের মধ্যে চার বার দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উল্লেখ্য, এর আগে শনিবার (২৩ মে) পেট্রল ৮৭ পয়সা এবং ডিজ়েলে ৯৭ পয়সা দাম বাড়ানো হয়েছিল।
সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। এখন এক লিটার পেট্রল কিনতে হবে ১১৩ টাকা ৫১ পয়সায়। আর ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা প্রতি লিটার। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতেও একই ছবি। লিটারে ২ টাকা ৭২ পয়সা দাম বেড়েছে। ফলে পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১১ টাকা ২১ পয়সা। আর ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৭.৮৩ পয়সায়।



