রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচর-হাইলাকান্দি রোডের মেহেরপুর অংশের শোচনীয় অবস্থার জেরে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়া এবং সামান্য বৃষ্টিতেই কাদা ও জলে ভরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে বর্ষাকালে সমস্যা চরমে পৌঁছায়। অফিসযাত্রী, ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী বহনকারী যানবাহন—সকলকেই এই রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রায়ই এই যানজটের মধ্যে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স। ফলে গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো দুষ্কর হয়ে উঠছে, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত বছর একই সমস্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসী। এমনকি নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তা মেরামতের কাজেও অংশ নিয়েছিলেন। পরে প্রশাসনের তরফে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও, এক বছরের মধ্যেই পুনরায় রাস্তাটির বেহাল দশা ফিরে আসে।

প্রতিদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।



