২৬ এপ্রিল : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হোয়াইট হাউস-এ শনিবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন হঠাৎ বিস্ফোরণের মতো তীব্র শব্দ শোনা যায়, যার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত অতিথিদের মধ্যে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস-এর নিরাপত্তারক্ষীরা।
সূত্রের খবর, সেই সময় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক শীর্ষ কর্মকর্তা। আচমকাই জোরে শব্দ শোনার পর এক সিক্রেট সার্ভিস কর্মীকে “গুলি চালানো হয়েছে” বলে চিৎকার করতে শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত অতিথিরা। অনেককে নিরাপত্তার জন্য টেবিলের নীচে আশ্রয় নিতেও দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ সকল অতিথি নিরাপদ আছেন। কিছুক্ষণের বিরতির পর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, “ডি.সি.-তে এক ঘটনাবহুল সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি দ্রুত এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামলেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বলেছি, তবে পরবর্তী সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে।”
এদিকে, ওয়াশিংটনের ইউএস অ্যাটর্নি জেনিন পিরো ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং গুলির শব্দ শোনার পর তাঁকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে গোটা এলাকা সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয়ে রয়েছে। পাশাপাশি, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।



