বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : গুয়াহাটি মহানগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবতী। মঠঘরিয়া এলাকার গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রবল ধাক্কা খায় AS 01 GP 0561 নম্বরের একটি সুইফট গাড়ি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন যুবতীর করুণ মৃত্যু হয়। ভোর প্রায় ৪টা ৫ মিনিট নাগাদ গেট হাসপাতাল সংলগ্ন এলাকায় আরও এক ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়।
জানা যায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী ছিলেন এবং একটি সুইফট গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালক বর্তমানে পলাতক। নুনমাটি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
জানা গেছে, গাড়িটি গীতানগর দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে গোয়ালপাড়ার পুজা সাহা এবং শিবসাগরের আকাঙ্ক্ষা শইকিয়া। এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক প্রাণে বেঁচে যায় বলে জানা গেছে।
এ দিকে, শনিবার রাতের দিকে জু রোড ফ্লাইওভার-এ একটি সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজন যুবক এবং এক যুবতী রয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় গাড়ি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়।



