পাহাড় থেকে পাথর ধসে পড়ে মৃত্যু জুনিয়র ইঞ্জিনিয়ারের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : অরুণাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রাণ হারালেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। কেয়ি পান্যোর জেলার পোটিন এলাকায় ভূমিধসের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় আচমকাই পাহাড়ি ঢাল থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। সেই সময় ফর্চুনার গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ার। পাথরটি সরাসরি গাড়ির উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৃতের নাম ডেকেন সোরাং। তিনি ক্রা দাড়ি জেলার পিপসোরাং এলাকায় গ্রামীণ কর্ম দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত তথ্য এবং অন্য কোনও হতাহতের খবর সামনে আসেনি।
এদিকে, খারাপ আবহাওয়ার সময় বিশেষ করে ভূমিধসপ্রবণ এলাকায় যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *