শিলচর শহরের বেহাল রাস্তা : সরব এসইউসিআই

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শিলচর শহরের প্রাণকেন্দ্র ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানে স্থানে সৃষ্টি হওয়া বিশাল বিশাল গর্তের ফলে জনজীবন বিপর্যস্ত। এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি।

দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং জেলা কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মারকপত্র প্রদান করলেও, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে দল।

ভবতোষ চক্রবর্তী বলেন, “সেন্ট্রাল রোড ও হাসপাতাল রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, তা প্রশাসনের অজানা নয়। অথচ কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই।” তিনি অভিযোগ করেন যে, জনগণের তীব্র আন্দোলনের চাপে মাত্র বছর খানেক আগে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে রাস্তার এই কঙ্কালসার চেহারা প্রমাণ করে যে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয় যে, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করে। রাস্তার গর্তের কারণে সৃষ্ট তীব্র যানজটে পড়ে অনেক সময় রোগীর প্রাণ সংশয় দেখা দিচ্ছে। এছাড়াও প্রায়ই ই-রিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানানো হয় যে যুদ্ধকালীন তৎপরতায় ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের সমস্ত ভাঙা অংশ অবিলম্বে মেরামত করতে হবে এবং সড়ক নির্মাণে ঘটা দুর্নীতির একটি উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি প্রদান করতে হবে।
জনস্বার্থবিরোধী এই উদাসীনতা অব্যাহত থাকলে আগামীতে দল বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *