স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫০-৬০টি ঝুপড়ি; ব্যাহত ট্রেন পরিষেবা

Spread the news

২৫ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগনার আক্রা স্টেশন লাগোয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আক্রা সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তি জুড়ে, ফলে পর পর পুড়ে যায় প্রায় ৫০-৬০টি ঝুপড়ি ও একাধিক দোকান।
স্থানীয়দের দাবি, প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়, এরপরই দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা একের পর এক ঘর গ্রাস করতে থাকে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। আরও ইঞ্জিন আনা হচ্ছে বলে জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের জেরে রেলের ওভারহেড তারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বস্তির বহু ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই স্টেশন সংলগ্ন দোকানগুলি থেকে দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, আশেপাশে দমকল কেন্দ্র না থাকায় ইঞ্জিন পৌঁছাতে দেরি হয়, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *