হাইকোর্টের স্পষ্ট বার্তা, একই ঘটনায় একাধিক এফআইআর গ্রহণযোগ্য নয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : বিতর্কিত এক ফেসবুক পোস্টকে ঘিরে প্রাক্তন এমডিসি সফিওর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর একত্রিত করে একটি মামলায় রূপ দেওয়ার নির্দেশ দিয়েছে মেঘালয় হাইকোর্ট। আদালত জানায়, একই ঘটনার ভিত্তিতে একাধিক ফৌজদারি কার্যক্রম চালানো আইনসম্মত নয়।

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি রেভতী মোহিতে দেরে নির্দেশ দেন, বিভিন্ন থানায় নথিভুক্ত তিনটি এফআইআরই স্থানান্তর করে আরাইমাইল থানায় একীভূত করতে হবে, যেখানে প্রথম মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসে দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছিল, রহমানের সোশ্যাল মিডিয়া পোস্টটি উসকানিমূলক ছিল এবং তা জনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

আদালত এই মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়—টি.টি. অ্যান্টনি বনাম কেরালা রাজ্য এবং অর্ণব রঞ্জন গোস্বামী বনাম ভারত সরকার এর উপর নির্ভর করে জানায়, একই ঘটনায় দ্বিতীয় এফআইআর গ্রহণযোগ্য নয়।
শুনানির সময় রাজ্যপক্ষও স্বীকার করে যে তিনটি এফআইআরই একই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দায়ের হয়েছিল এবং সেগুলি একত্রিত করতে সম্মতি জানায়।

পরবর্তীতে হাইকোর্ট নির্দেশ দেয়, ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তরিত হওয়া সহ সংশ্লিষ্ট সমস্ত মামলা আরাইমাইল থানার কেস নং ১৯/২০২৬-এর অধীনে এনে তদন্ত চালাতে হবে।

এই রায়কে একক ঘটনার জন্য একাধিক এফআইআর-এর অপব্যবহার রোধ এবং আইনি স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *