শ্রীভূমিতে এসইউসিআই-র ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এসইউসিআই (কমিউনিস্ট) দলের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় দলের করিমগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।

এরপর দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রখ্যাত মার্কসবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেবসহ অন্যান্য জেলা নেতৃত্ব। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ২৪ এপ্রিল ও শিবদাস ঘোষকে স্মরণ করে সংগীত পরিবেশন করেন দলের সদস্যরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেব বলেন, ১৯৪৮ সালের ২৪ এপ্রিল শিবদাস ঘোষ দেশের শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে এসইউসিআই (কমিউনিস্ট) দল প্রতিষ্ঠা করেন। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে শিবদাস ঘোষ উপলব্ধি করেছিলেন যে কেবল রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, প্রকৃত মুক্তির জন্য প্রয়োজন সমাজতান্ত্রিক পরিবর্তন। তিনি আরও বলেন, পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান আজও সমান প্রাসঙ্গিক।

প্রজ্জ্বল দেবের বক্তব্যে উঠে আসে, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতাবাদ ও বিভাজনের রাজনীতি শ্রমজীবী মানুষের ঐক্যকে দুর্বল করে এবং এর বিরুদ্ধে আদর্শগত লড়াই জোরদার করা প্রয়োজন। তিনি উপস্থিত সকলকে মার্কসবাদ-লেনিনবাদ ও শিবদাস ঘোষের চিন্তাধারা গভীরভাবে অনুধাবনের আহ্বান জানান।

অন্যদিকে, জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন, পুঁজিবাদী ব্যবস্থার বিরোধিতা করে শিবদাস ঘোষ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এসইউসিআই (কমিউনিস্ট) দল গড়ে তুলেছিলেন। তিনি জানান, অতীতে বিভিন্ন গণআন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে দেশ ও রাজ্যে শোষণবিরোধী সংগ্রামে সক্রিয় রয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান শাসনব্যবস্থা দেশের অর্থনৈতিক সম্পদ একচেটিয়া পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত করছে এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতিতে আদর্শগত সংগ্রাম ও গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভা শেষে আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল  গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক জনসভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন দলের পলিটব্যুরো সদস্য ও বিশিষ্ট জননেতা অসিত ভট্টাচার্য। এই সভায় যোগ দিয়ে গণআন্দোলনকে শক্তিশালী করার জন্য রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *